উপজেলার বারপাড়া বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার ঘটনায় শিক্ষকরা শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে থানায় জিডি করেছেন। ১৩ সেপ্টেম্বর বারপাড়া গ্রামের কতিপয় ব্যক্তি এ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবুল হাসেমের ওপর আক্রমণ করে এবং প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে মারধরের হুমকি দেয় বলে থানায় অভিযোগ করা হয়। এর প্রতিবাদে এবং নিরাপত্তাহীনতার কারণে শিক্ষকগণ ২২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখেছেন। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম পাল্টা অভিযোগ করে বলেন, ইংরেজী শিক্ষক আবুল হাসেম ছাত্রীদের অশ্লীল কথা বলায় অভিভাবকগণ ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর চড়াও হয়। প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সভাপতির সাথে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলায় উক্ত অভিযোগ আনা হয়েছে। অবশ্য তদন্তকারী পুলিশ কর্মকর্তা রঞ্জন কুমার সূত্রধর বলেন, বিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষক আবুল হাসেমের বিরুদ্ধে জঘন্য অভিযোগ এনেছেন।
