সতীনের নিক্ষিপ্ত এসিডে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের গৃহবধূ আছমা বেগম (২৮)’র মুখমণ্ডলসহ শরীর ঝলসে গেছে। মৃত্যু যন্ত্রণায় কাতর গৃহবধূ আছমা বেগম এখন গাইবান্ধা আধুনিক হাসপাতালে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ নির্যাতিত গৃহবধূর স্বামী আমিন মিয়া ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হাজিরন বেগমকে গ্রেফতার করতে পারেনি।
আছমার বাবা ছকমল হোসেন বলেন, প্রায় একযুগ আগে একই এলাকার আমিন মিয়ার সাথে তার মেয়ের বিয়ে হয়। তার সংসারে ৩টি ছেলে সন্তান রয়েছে। তবে তার স্বামী আমিন মিয়া সমপ্রতি স্বামী পরিত্যক্তা ২ সন্তানের জননী হাজিরন বেগমকে বিয়ে করে। এরপর থেকেই আছমা বেগমের উপর স্বামী-সতীনের নানা ধরনের নির্যাতন শুরু হয়।
আছমা বেগম জানান, গত সোমবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হাজিরন বেগম শোয়ার ঘরে ঢুকে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় ঘরের দরজায় তার স্বামী আমিন মিয়া দাঁড়িয়ে ছিল। প্রতিবেশীরা আছমা বেগমকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডাঃ আবু হানিফ জানান, আছমার মুখমণ্ডল ঝলসে গেছে এবং তার চোখ দুটো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
