বিদ্যুতের দাবিতে ভাংচুর অবরোধ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
দেশের বিভিন্নস্থানে বিদ্যুতের দাবিতে হরতাল, মানববন্ধন, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরে পৌর কাউন্সিলরসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর প্রতিনিধি ও সংবাদদাতাদের। লক্ষ্মীপুর রায়পুর সংবাদদাতা জানান, উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে পল্ল¬ী বিদ্যুত্ গ্রাহকদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন গতকাল বুধবার পালিত হয়েছে। এসময় বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে কয়েক দফা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। ক্ষুব্ধ লোকজন সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে। এতে দু’পাশে বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এদিকে মঙ্গলবার রায়পুর পল্ল¬ী বিদ্যুত্ অফিসে হামলা, ভাংচুর, আগুন দেয়ার ঘটনায় রায়পুর পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন নোমানসহ ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭০০-৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পল্ল¬ী বিদ্যুত্ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মফিজুল আহমেদ কবির মঙ্গলবার রাতে রায়পুর থানায় এ মামলাটি করেন। মঙ্গলবার বিক্ষুব্ধ পল্লী বিদ্যুতের গ্রাহকগণ লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া রামগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, বিদ্যুতের চরম লোডশেডিংয়ে অতীষ্ঠ হয়ে রামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতার রোষানলে পড়ে পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ চন্দ্র সূত্রধর। এসময় ক্ষুব্ধ গ্রাহকরা রামগঞ্জ চট্টগ্রাম ও উপজেলা পরিষদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ গ্রাহকরা ডিজিএমকে তার অফিসে ঘেরাও করে রাখে। ফরিদপুর চরভদ্রাসন সংবাদদাতা জানান, উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের জন্য মিল কলকারখানা বন্ধ ও কৃষি ক্ষেত্রে উত্পাদন ব্যাহত হওয়ায় মঙ্গলবার এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়। নগরকান্দা সংবাদদাতা জানান, নগরকান্দায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে ভুক্তভোগী জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে। পরে নগরকান্দা বাজারের তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে নগরকান্দা বাজারের প্রধান সড়কে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। বোদা (পঞ্চগড়) বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে বোদায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধায় প্রেস ক্লাব সড়ক থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নিউ মার্কেট চত্বরে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন আসাদুল্লাহ আসাদ, দেলোয়ার হোসেন, সাগর, চিম্ময় ও এনামুল হক।