উপবৃত্তির টাকা কেটে নিচ্ছেন প্রধান শিক্ষক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০৪ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৪৩৫ টাকা করে কেটে নিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান। উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও শিক্ষাবোর্ডকে টাকা দিতে হয় তাই এ টাকা কেটে নেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী জানান, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার এমনকি শিক্ষাবোর্ড উপবৃত্তির টাকা কেটে নেয়ার কোন আদেশ দেননি। প্রধান শিক্ষক কাউকে কোন টাকা দেন বলেও তার জানা নেই। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আব্দুস সালাম জানান, সরকার অতিরিক্ত ক্লাস নেয়ার জন্য মফস্বল এলাকার শিক্ষকদের প্রতিটি ক্লাসের জন্য ১৫০ টাকা করে প্রদান করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার কোন বিধান নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।