এমডিজি এডভোকেসি গ্রুপের বৈঠকে অংশ নিলেন ড. ইউনূস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
মিলেনিয়াম ডেভেলপমেন্টের এডভোকেসি গ্রুপের বৈঠকে গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ অন্যদের সাথে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেছেন। নিউইয়র্কের ইউনাইটেড নেশনসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনূস সেন্টারের গতকাল বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বৈঠকে ড. ইউনূস সমাজের কল্যাণের জন্য সৃজনশীল উদ্যোগ ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি সামাজিক ব্যবসার উপযোগিতা নিয়ে গুরুত্ব আরোপ করেন। এ উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্য সেবা ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবে বলে তিনি বলেন। এ এডভোকেসি গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ১৭। এছাড়া ড. ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশেয়েটিভ (সিজিআই) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। নারীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানে তিনি সামাজিক ব্যবসা ও গ্রামীণ নার্সিং কলেজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এ কলেজের মাধ্যমে বাংলাদেশের মেয়েদের জীবনে পরিবর্তন আসছে। এদিকে তিনি গত শুক্রবার ব্রডব্যান্ড কমিশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় তিনি গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস ইন বাংলাদেশের সাথে ম্যাকডোনিয়ার সরকারের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। তারা কৃষিখাতে মাটি পরীক্ষার প্রযুক্তি উন্নয়নে একত্রে কাজ করবে। এর আগে গত ১৯-২০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট সামিটের তিনি প্রধান বক্তা ছিলেন। ‘কীভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করতে পারবে’ শিরোনামে তিনি এ বক্তৃতা দেন। এ সামিট উদ্বোধন করেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।