দালাল হওয়ার নির্বাচনে অংশ নেব না :এরশাদ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান, হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে আমরাও নির্বাচনে অংশ নেব না। কারণ এরকম নির্বাচনে অংশ নিলে আমরা দালালে পরিণত হবো। আমরা দালাল হতে চাই না। ধ্বংস হয়ে যাবো, তবুও দালাল হবো না। তিনি গতকাল সিলেট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন বাবলু ও আতিকুর রহমান আতিক। সভাপতিত্ব করেন সিলেট জেলা জাপার আহবায়ক সেলিম উদ্দিন। এইচএম এরশাদ আরো বলেন, বাংলাদেশ এখন অনিশ্চয়তার দেশ। চারদিকে কেবলই অনিশ্চয়তা। নির্বাচন হবে কি, হবে না, হলে কীভাবে হবে, কোন দল অংশ নেবে, কারা নেবে না—এরকম হাজারো অনিশ্চয়তা। এরশাদ বলেন, আমি নিজে একটি পার্টির চেয়ারম্যান হয়েও জানি না কিভাবে নির্বাচন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র না-কি সুদৃঢ় হবে। কিন্তু আমি বলি দেশে তো গণতন্ত্রই নেই। দেশ আজ আস্তিক আর নাস্তিক এই দুই ভাগে বিভক্ত। মুসলমানের দেশে নাস্তিকতার কোন জায়গা নেই। আমি আস্তিকদের পক্ষে, মুসলমানের পক্ষে। তিনি বলেন, শাহবাগ চত্বরে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদ আমিই করেছি। আর কেউ সাহস করেনি। এরশাদ যুদ্ধাপরাধ বিচারের প্রতি ইঙ্গিত করে বলেন, রায়ের পরে আইন পরিবর্তনের নজির পৃথিবীর কোথায়ও নেই। ফাঁসি দিতে চান, দেন। তবে আইন মেনে দেন। মহাজোট ছাড়া প্রসঙ্গে এরশাদ বলেন, আমরা নামমাত্র ক্ষমতার ভাগিদার। কিন্তু আমাদের কোন মূল্যায়ন করা হয়নি। আর মহাজোটের সাথে নয়। আগামীতে আমরা এককভাবেই নির্বাচন করবো। সেরকমই প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আওয়ামী লীগের জন্য ভোট চাচ্ছেন, মহাজোটের জন্য নয়। তাই আমিও জাতীয় পার্টির জন্য আপনাদের ভোট চাই। এরশাদ বলেন, দেশের মানুষ আর দুই নেত্রীর শাসন চায় না।