ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আবারো সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে গঠিত তদন্ত কমিশন যথাসময়ে তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় তারা এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে গতকাল বুধবার সাধারণ শিক্ষক ফোরামের সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে শিক্ষকরা আবারো কর্মবিরতিতে গেলে অধিকাংশ বিভাগের বিভিন্ন বর্ষের আসন্ন চূড়ান্ত পরীক্ষাগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।
সংবাদ সম্মেলনে ফোরামের আহবায়ক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেনসহ অন্যান্য শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহিবুর রহমান বলেন, আমরা আগামী রবিবার পর্যন্ত তদন্তের প্রতিবেদন প্রকাশ করার সময় নিয়েছি এবং ঐ দিনই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হবে। উল্লেখ্য, ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১২টি অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত ৩ মাস ধরে শিক্ষকরা আন্দোলন করছেন।
