সাঈদীর আপিল শুনানি থেকে দুই বিচারপতিকে বিরত থাকার আবেদন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতিকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বিচার কাজ থেকে বিরত থাকতে আবেদন জানানো হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট জয়নুল আবেদীন আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে বেলজিয়াম প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপি কথোপথনে আপিল বিভাগের এক বিচারপতি সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া আপিল বিভাগের অপর বিচারপতি লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে আবেদনে ন্যায় বিচারের স্বার্থে বিচার কার্যক্রম থেকে তাদের বিরত থাকার আবেদন জানানো হয়। এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে সাঈদীর করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুনানিতে ট্রাইব্যুনালের রায় পড়ে শোনান সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে গতকাল রায়ের ২১ পৃষ্ঠা থেকে ২৯ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়। এ সময় সাঈদীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান উপস্থিত ছিলেন।