সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে সুবীর নন্দীকে স্মরণ

আপডেট : ১৮ মে ২০১৯, ০০:৪৭

বরেণ্য সংগীত শিল্পী সদ্য প্রয়াত সুবীর নন্দী স্মরণে সভার আয়োজন করেছিল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানে সুবীর নন্দীকে নিয়ে স্মৃতিচারণ করেন দেশের বরেণ্য সংগীত ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে সুবীর নন্দীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রদীপ প্রজ্বালন করা হয়। স্মৃতিচারণে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সুজেয় শ্যাম, অনুপ ভট্টাচার্য, সংগীত শিল্পী খুরশীদ আলম, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, সুরস্রষ্টা মাকসুদ জামিল মিন্টু, ডা. সামন্ত লাল সেন, সাংবাদিক আবেদ খান, গীতিকবি রফিকুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্রশীল, ফেরদৌস হোসেন, কবি নাসির আহমেদ প্রমুখ। সংগীত শিল্পী তপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ড. বিশ্বজিত্ রায়।

অনুষ্ঠানে সুবীর নন্দীর বিখ্যাত গান ‘পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো’ গানটি গেয়ে শোনান ডালিয়া নওশিন, শেখ জসিম গেয়ে শোনান ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’সহ জনপ্রিয় বেশ কিছু গান।