ঢাকা মহানগরসহ তিন জেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৫ দিন এ কার্যক্রম চলবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রায় ৭০ লাখ জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। প্রথম দফায় বুধবার ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় তথ্য সংগ্রহকারীদের মাধ্যমেই পরিচয়পত্র বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া শুরু হয়েছে। ভোটারের স্লিপ না থাকলেও পরিচয় নিশ্চিত হলে পাওয়া যাচ্ছে পরিচয়পত্র। অক্টোবরে সারাদেশে বিতরণ করা হবে।
গতকাল সরেজমিনে ঢাকা শহরের বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করতে দেখা গেছে। ভোটার স্লিপ দেখিয়ে বা পরিচয় সনাক্ত করার পর ভোটারের পরিচয়পত্র দেয়া হচ্ছে। তবে যারা পরিচয় পত্র সংগ্রহ করতে পারবে না তারা থানা অথবা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে তাদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা জেলায় ৫ লাখ ৮ হাজার ৪৬৫ জন ও ঢাকা মহানগরে ৩ লাখ ৬৭ হাজার ৪৬০ জন, গাজীপুরে ১লক্ষ ৭০ হাজার ৮শত ৪৪ ও মানিকগঞ্জে ১ লক্ষ ৩৭ হাজার ১ শত ২০ জন নতুন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র পাবেন।
৩১ অক্টোবরের মধ্যে সারাদেশে পরিচয়পত্র বিতরণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এরপরও প্রয়োজন হলে সময় বাড়ানোর কথা ভাববে কমিশন। ৩১ অক্টোবরের মধ্যেও যারা পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন না, তাদের ইসি বা জেলা বা উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে হবে। ইসি কর্মকর্তারা জানান, ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র নিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। এছাড়া কোনো নাগরিক সেবা নিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলকও করা হয়নি।
