বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
গার্মেন্টসে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। মজুরি কমিশনের ঘোষণার জন্য পোশাক শিল্প শ্রমিকদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে গত পাঁচ দিন ধরে রাজধানীসহ আশ-পাশের এলাকার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করে আসছে। এই অবস্থার মধ্যেই গতকাল গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর এই হুঁশিয়ারি দেন তিনি। সচিবালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শিল্প জাতীয় শিল্প। এর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা কেবল এই শিল্পের বিরুদ্ধে নয়, আমরা মনে করি তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বহিরাগত কোনো পক্ষ যদি এ খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তাহলে তা সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, মজুরি বোর্ডের রোয়েদাদ নভেম্বরের শেষে পাওয়া যাবে। যতদিন পর্যন্ত রোয়েদাদ না পাওয়া যায়, ততদিন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ উত্থাপন করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজ যদি পোশাক শিল্প বন্ধ হয়ে যায়, তাহলে এটা যেভাবে মালিকের স্বার্থ বিঘ্নিত করবে, তেমনি শ্রমিকের স্বার্থেরও ক্ষতি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচি, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন উপস্থিত ছিলেন। নৌমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান, শ্রমিক প্রতিনিধি ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন বৈঠকে।