দুই দিনে গ্রেফতার ৬৮ জন

চট্টগ্রাম বিভাগে আজ শিবিরের অর্ধদিবস হরতাল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
মঙ্গলবার নগরীর চন্দনপুরায় দলীয় কার্যালয় থেকে গ্রেফতারকৃত ৩৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল ডেকেছে শিবির। হরতালকে সামনে রেখে গতকাল বুধবারও নগরীর বিভিন্ন স্থানে শিবির ধরতে পুলিশের অভিযান চলে। সকালে নগরীর ডিসি হিল থেকে শিবিরকর্মী সন্দেহে ৩০ জন এবং চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আরো ৪ জনসহ সর্বমোট ৩৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্য থেকে প্রকৃত শিবির চিহ্নিত করে তাদের এনায়েতবাজার এলাকায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হবে বলে পুলিশ জানায়। এদিকে হরতালে নাশকতা ঠেকাতে গতকাল দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহনে পুলিশি তল্লাশী শুরু হয়। রেলস্টেশন, কারাগার, বিমান বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে।