সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আবদুল কাদের মোল্লাহস দলের শীর্ষ নেতৃবৃন্দ ও ১৮ দলীয় জোটের গ্রেফতারকৃত নেতা-কর্মী এবং আলেমদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল বুধবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে কর্মসূচি সফল করার জন্য জামায়াতের সকল শাখা ও দেশাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার দেশ থেকে ইসলাম নির্মূলের চক্রান্ত করছে। এ উদ্দেশ্যে জামায়াত-শিবির এবং ওলামায়ে কেরামসহ দেশের জনগণের ওপর নির্যাতন, গ্রেফতার চালিয়ে সরকার এক বিভত্স পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য ৯৫ ভাগ মানুষের দাবি অগ্রাহ্য করে ১৮ দলীয় জোটকে বাইরে রেখে প্রহসনের নির্বাচন করার জন্য সরকার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়ে সরকারের তলপিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জনগণ সরকারের এ ধরনের প্রচেষ্টা মেনে নেবে না।