ঈদে নৌ-পথে ভাড়া বাড়বে না

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
ঈদে নৌ-পথে ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, আসন্ন ঈদে নৌ-পথের কোনো বাহনে যাত্রীভাড়া বাড়ানো হবে না। লঞ্চের ভাড়া না বাড়ানোর জন্য লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার ঈদুল আযহা উপলক্ষে নৌ-পথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা বিধানকল্পে আয়োজিত আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ঈদের আগে ও পরের তিন দিন অত্যাবশ্যকীয় পণ্য বিশেষ করে গরু ও পেঁয়াজবাহী ট্রাক ব্যতীত অন্য ট্রাক ফেরিতে পারাপার করা হবে না। ঈদ ও দুর্গাপূজার সময় রাতে নদীতে বালুবাহী ছোট জাহাজ চলাচল বন্ধ এবং মূল চ্যানেলে মাছ ধরার জাল পাতা বন্ধ করার জন্য জেলা প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ১০টি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর-বরিশাল রুটে চলাচল করবে। নৌ-পরিবহনে গতি ফিরিয়ে আনতে মাওয়া-চরজানাজাত এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটের নাব্যতা সংরক্ষণে ১৪টি ড্রেজার কাজ করছে। ঈদ উপলক্ষে মাওয়া ঘাটে স্পিডবোটও নির্ধারিত ভাড়া নেবে। অতিরিক্ত ভাড়া নিতে পারবে না।