‘চকলেট নাও, আমরা রাক্ষস নই’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
শিশুদের প্রতি ভালবাসা সম্ভবত সবারই থাকে। তা সে ভাল কিংবা মন্দ যেই হোক না কেন। আর এর ব্যতিক্রম ঘটেনি কেনিয়ার শপিং মলে হামলার সময়ও। এক হামলাকারী এক শিশুকে দেখে চকলেট দেয় এবং তাদের ভয় না পাওয়ার কথা বলে! এমনকি শিশুটির জন্য পুরো পরিবারকেই পালিয়ে যেতে সাহায্য করে ওই জঙ্গি। ব্রিটিশ নাগরিক এলিয়ট পিরিয়র নামের এই বালকের সঙ্গে তার চাচা, মা এবং বোন ছিল। তার চাচা অ্যালেক্স কোউট জানান, ওই হামলাকারীকে দেখে এলিয়ট বলে, তুমি খারাপ লোক। হামলাকারী তখন এলিয়টকে চকলেট দিয়ে বলে, ভয় পেয়ো না, আমরা রাক্ষস নই। তখন সে আমাদের সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে! অ্যালেক্স জানান, আমার মনে হয়, কোনো শিশু যদি বেঁচে যায় তাহলে তাকে হয়তো হামলাকারীরা মারবে না। - এএফপি