সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ভার্সিটি ছাত্র নিহতের ঘটনায় দুই মামলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস সড়কে বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুন্নবী রুবেল মারা যাওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে সীতাকুণ্ড মডেল থানার দুইজন উপ-পরিদর্শক বাদী হয়ে এ মামলাগুলো করেন। গত মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) কুমিরা ক্যাম্পাসের বিবিএ ৩য় বর্ষের ছাত্র রুবেল রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তাদের সহযোগীরা শতাধিক গাড়ি ভাঙচুর ও ৪টি বাসি অগ্নিসংযোগ করে। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এস আই জানান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৩শ’ জনের বিরুদ্ধে একটি এবং বাস চালকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। চট্টগ্রামে আন্তঃজেলা বাস ধর্মঘট পালিত চট্টগ্রাম অফিস জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা ধর্মঘট পালন করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। ধর্মঘট চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৪ রুটে উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। চট্টগ্রামের বাইরে থেকেও কোনো বাস শহরে প্রবেশ করেনি। তবে মহানগরীতে লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ২টা থেকে আবার দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়।