আশরাফুজ্জামান ও মুঈনুদ্দিনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী রবিবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গত ২৪ জুন মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে ১১টি অভিযোগে ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ গঠন হয়। গত ১৫ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিরুদ্ধে দুই তদন্তকারী কর্মকর্তা শাহজাহান কবির ও আতাউর রহমানসহ রাষ্ট্রপক্ষের মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তবে দুই পলাতক আসামির পক্ষে কেউ সাক্ষ্য দেয়নি। চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ আজ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। বিচারাধীন সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের একটি আলোচনা অনুষ্ঠানে মন্তব্যের কারণে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, মুক্তবাক অনুষ্ঠানের প্রডিউসার, দুই আলোচক গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজউল্লাহ এবং সঞ্চালক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আহবান জানিয়ে গত মঙ্গলবার অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে গতকাল শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম। রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়, টেলিভিশনে প্রচারিত ঐ অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে। অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, অসত্ উদ্দেশ্যেপ্রণোদিত বলে আবেদনে উল্লেখ করেছে রাষ্ট্রপক্ষ।