গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সমালোচনা ব্রাজিলের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। তিনি বলেছেন, কোনো দেশের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করে সেই দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণদানকালে রৌসেফ এই সমালোচনা করেন। খবর রয়টার্সের। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এই গুপ্তচরবৃত্তি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসএ রৌসেফের ই-মেইল যোগাযোগ ও ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্টোবাসসহ দেশটির কোটি কোটি মানুষের টেলিফোন আলাপ এবং ই-মেইলের ওপর ব্যাপক গুপ্তচরবৃত্তি চালিয়েছে। সিআইএ’র সাবেক কর্মকর্তা এডোয়ার্ড স্নোডেন এ তথ্য ফাঁস করার পর ক্ষুব্ধ রৌসেফ গত সপ্তাহে তার আগামী মাসের পরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল করেন। তিনি বলেন, বিভিন্ন দেশকে সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচানোর জন্যে তথ্যের ওপর অবৈধ হস্তক্ষেপের যুক্তি গ্রহণযোগ্য নয়।