মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস মাহে রমজান। গতকাল শুক্রবার ছিল পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে জুমা আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল সব বয়সী মুসল্লির ঢল। মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেককেই রাস্তায় নামাজ পড়তে দেখা যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে দুপুর সাড়ে ১২টার পর থেকে বায়তুল মোকাররমে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রতিটি গেটে মুসল্লিদের দেহ তল্লাশি করে ভেতরে ঢুকতে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা সোয়া ১টা নাগাদ বাংলায় বয়ান করেন খতিব। খুতবা শুরুর আগেই মসজিদের ষষ্ঠ তলা, সামনের অংশ কানায় কানায় ভরে যায়। নামাজ শুরুর পর প্রচণ্ড গরম উপেক্ষা করে মুসল্লিরা দক্ষিণের খোলা অংশ এবং উত্তর গেটের সিঁড়ি, খালি জায়গা এবং রাস্তায় নামাজে দাঁড়িয়ে যান। জুমা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্ত্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। অন্য সময়ের তুলনায় উপস্থিতি ছিল অনেক বেশি। মহাখালীর গাউসুল আজম, হাইকোর্ট জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম ছিল। ছোট ছোট শিশুরাও প্রিয়জনের হাত ধরে মসজিদে উপস্থিত হয়। মসজিদের ছাদ, আঙিনা এবং পাশের সড়কে নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের।
