রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক বিচারিক আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) নিয়ে যেতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদো তাঙ্গারা। গতকাল শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, মামাদো তাঙ্গারা বলেছেন, রোহিঙ্গা সংকট মানবিক ইস্যু। তার দেশ এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন, বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈদেশিক অফিস প্রটোকল স্বাক্ষরের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করে বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
গাম্বিয়ার মন্ত্রী বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা করতে চাই।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে নির্মমভাবে বঙ্গবন্ধু নিহত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরে আসার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা এসময় উল্লেখ করেন।
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
