ইন্টেল বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘কিডস অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক বিশেষ আয়োজন। ইন্টার্যাকটিভ সেশসটিতে উপস্থিত ছিলেন ইন্টেল সাউথ এশিয়ার স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস ডিরেক্টর রাজিব ভাল্লা, ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর, ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটেন্ট আলেকজান্দ্রা টায়ারস, আইসিডিডিআরবি’র হেড অব চাইল্ড ডেভেলপমেন্ট ড. জেনা ডি. হামাদানি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। শিশুরদের জন্য প্রযুক্তির ব্যবহার কতটুকু অনুকূল এবং প্রযুক্তির সহায়তায় তারা কীভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সেশনে। বক্তারা জানান, আধুনিক এই সময়ে শিশুদেরও প্রযুক্তির সাথে পরিচিত করে তুলতে হবে। আর প্রযুক্তির কোন সেবাগুলো ব্যবহার করলে তাদের জন্য ইতিবাচক ফলাফল আসবে, সেটা অভিভাবকদেরই নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে শিশুদের উন্নয়ন ও প্রযুক্তি, শিশুদের জন্য শীর্ষ গেম ও অ্যাপস, প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ করা, শ্রেণীকক্ষে প্রযুক্তি ও টাচ কম্পিউটার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ইন্টেল প্রসেসরনির্ভর টাচ ডিভাইস, ট্যাবলেট ও অন-ইন-ওয়ান পিসি প্রদর্শন করা হয়।
