বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আন্দোলন করে ৯০ এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। এবারো আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। গতকাল শুক্রবার ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ছাত্র মিশনের আলোচনা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রয়োজনে ঐক্য গড়ে ওঠে, ঐক্য গড়ে দেয়া হয় না। ছাত্র সংগঠনগুলো চায়নি কিন্তু কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্ররা ঐক্য গড়ে তুলেছেন। নিরাপদ সড়কের দাবিতে আমাদের সন্তানরা এক হয়ে রাজপথে নেমেছে। প্রয়োজনের দাবিতে মানুষের ঐক্য গড়ে ওঠে এবং মানুষ রাস্তায় নামেন।
সালমান খান বাদসার সভাপতিত্বে আলোচনা ও ইফতারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মেসবাহউল ইসলাম সজীব, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনসুরুল আলম, ছাত্র মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ মো. মিলন প্রমুখ।
