সোমালিয়া থেকে কেনিয়ান সেনা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে আরো রক্তপাতের হুমকি দিয়েছে সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি গ্রুপ আল শাবাবের নিভৃতচারী নেতা আহমেদ আবদি গোদানে। কেনিয়ার কর্তৃপক্ষ রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণী বিতান বন্দুকধারীদের হাত থেকে দখলমুক্ত করার ঘোষণা দেয়ার মাত্র একদিন পর বুধবার এই হুমকি দেয়া হয়। ঐ বিপণী বিতানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য আল শাবাব জঙ্গি এবং নিরপত্তা বাহিনীর মধ্যে গত শনিবার থেকে পরবর্তী চারদিন লড়াই চলে। মঙ্গলবার কেনিয়ার নিরাপত্তা বাহিনী বিপণী বিতানটি দখলমুক্ত করতে সক্ষম হয়।
একটি অডিও বার্তায় আল শাবাব নেতা গোদানে বলেন, ওয়েস্টগেটে হামলার মাধ্যমে তার যোদ্ধারা দক্ষিণ সোমালিয়ায় কেনিয়ান বাহিনীর উপস্থিতির জবাব দিয়েছে। আবু জুবায়ের নামেও পরিচিত গোদানে কেনিয়ানদের উদ্দেশে বলেন, সেনা প্রত্যাহার না করা হলে এরকম আরো হামলা মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, আজ একটি সিদ্ধান্ত নিন এবং ইসলামী অঞ্চল (সোমালিয়া) থেকে সেনা প্রত্যাহার করুন, তা না হলে আপনাদের দেশে আরো রক্তপাতের জন্য প্রস্তুত থাকুন। প্রসঙ্গত, আল শাবাব জঙ্গিরা কেনিয়ান ভূমি থেকে বিদেশিদের অপহরণ করার পর ২০১১ সালের অক্টোবরে কেনিয়া সোমালিয়ায় সেনা পাঠায়।
