অস্ত্র-গুলিসহ ৮ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আপডেট : ১৮ মে ২০১৯, ০০:৫০

রাজধানীর পল্টন এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৮ সদস্য গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের একটি টিম বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১টি পিস্তল, ২ রাউন্ড ?গুলি, ২টি ডিবি লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি ওয়ারলেস সেট (ওয়াকি টকি) ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মিন্টু গাজী, সবুজ, আঃ জলিল হাওলাদার, আতিকুর রহমান, বিল্লাল খাঁ, রিপন হাওলাদার, সুলতান খান ও আল আমিন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন সময় ঢাকা কেন্দ্রিক বিভিন্ন ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের ডিবি পরিচয়ে আটক করে উত্তোলনকৃত টাকা হাতিয়ে নিত। এ ব্যাপারে পল্টন থানায় দুইটি মামলা হয়েছে।