হযরত শাহজালাল (রহ.)-এর ৬৯৪ তম ওরস মোবারক গতকাল বৃহসপতিবার থেকে শুরু হয়েছে। ভোরে খতমে কোরআন ও মাজারে গিলাফ ছড়ানোর মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ওরস। ওরস উপলক্ষে সকাল থেকে শুরু হয় মাজারে গিলাফ ছড়ানো। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকানরা নিয়ে আসেন গিলাফ। জিকির-আজকারের মধ্যদিয়ে সে গিলাফ ছড়িয়ে দেয়া হয় হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সমপাদক আসাদউদ্দিন আহমদ হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিলাফ ছড়ান। ওরসকে কেন্দ্র করে দু’দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা মাজারে আসা শুরু করেন। বৃহসপতিবার জোহরের নামাজের পর থেকে হাজার হাজার ভক্ত জড়ো হন মাজার এলাকায়। মাজারে লোক সমাগমের কারণে নগরীতে যানজট বৃদ্ধি পেয়েছে। নগরীর হোটেলগুলোতেও স্থান সংকুলান হচ্ছে না। ওরস উপলক্ষে মাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
