গফরগাঁওয়ে মাছে মড়ক বিপাকে চাষি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন মত্স্য খামারে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিং মাছ। রোগটির কবল থেকে শিং মাছকে রক্ষার জন্য নানা ধরনের ওষুধ প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছে না চাষিরা। গত ১ মাসে উপজেলার ২০/২২টি খামারে ৫০ লাখ টাকা মূল্যের প্রায় ২৫ লাখ শিং মাছের পোনা মারা গেছে বলে জানিয়েছেন এখানকার চাষিরা। জানা গেছে, উপজেলার দৌলতপুর, উথুরী, ছিপান, বাসুটিয়া, লক্ষণপুর গ্রামের ২০/২২টি মত্স্য খামারে প্রতিদিন গড়ে ১লাখ শিং মাছের পোনা মারা যাচ্ছে। দৌলতপুর গ্রামের চাষি ওয়াহিদ (৩৫) জানান, তার খামারে গত কয়েকদিনে ৩ লাখ শিং মাছের পোনা মারা গেছে। একই গ্রামের আদিলুর রহমান (৪৫) জানায়, বিভিন্ন কোম্পানির প্রায় ৭০ হাজার টাকার ওষুধ প্রয়োগ করেও খামারে শিং মাছের পোনার মৃত্যু ঠেকাতে পারিনি। বাসুটিয়া গ্রামের সিরাজুল ইসলাম জানায়, শিং মাছের পোনার শরীরে প্রথমে সুতোর মত দাগ হয়, লেজে ঘা হয় পরে মাছ মরে ভেসে ওঠে। জানা যায়, ওষুধ কোম্পানিগুলোতে নিয়োজিত ডাক্তার এ মড়ক ঠেকাতে সঠিক কোন ওষুধ দিতে পারেনি এবং রোগনির্ণয় করতে পারেনি। দৌলতপুর গ্রামের চাষি ইলিয়াস শহীদ জানায়, উপজেলা মত্স্য বিভাগ আমাদের কোন খোঁজ-খবর নেয়নি। উপজেলা মত্স্য কর্মকর্তা নাজমুল হক বলেন, খামারের চাষিরা বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও হ্যাচারির মালিকদের কাছ থেকে পরামর্শ নেয়। আমাদের কাছে আসে না। ব্যাকটেরিয়া ও ফাংগাসের মিলিত ইনফেকশন শিং মাছের পোনার মড়কের কারণ হতে পারে।