দাড়ি রাখা, টাখনুর ওপরে কাপড় পরা ও ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করাকে জঙ্গিবাদের লক্ষণ বলে শনাক্ত করায় পীযুষ বন্দোপাধ্যয়কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার এবং সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বাদ জুমা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে নেতারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে সরকার অবিলম্বে পীযুষকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে তৌহিদি জনতা রাজপথে নামতে বাধ্য হবে। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, এম হাসিবুল ইসলাম, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা এ বি এম জাকারিয়া প্রমুখ।
অপর দিকে, বাদজুমা রাজধানীর কামরাঙ্গীরচর থানা চৌরাস্তায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের আমিরে শরিয়ত আল্লমা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বিভিন্ন জাতীয় দৈনিকে সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠনের বিজ্ঞাপনটি মুসলমানের হূদয়ে আঘাত হেনেছে। মুসলমানদের প্রতিবাদের মুখে পীযুষ নিজের দায় এড়াতে বানোয়াট বাহানা অবলম্বন করলেও জাতি তা মেনে নেবে না। এরা উসকানি দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দীন, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।
