গৌরনদীর ২৮ হজ্ব যাত্রীর টাকা নিয়ে দালাল উধাও

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
প্রতারণার মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ২৮ জন হজ্ব যাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে দালালরা। ফলে এবারের হজ্ব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে ওইসব হজ্ব যাত্রীর। তারা প্রতারকদের খুঁজে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার হুমাইয়ারা হজ্ব ট্রাভেলস্’র নামে এলাকার চিহ্নিত দালালেরা এবার বরিশালের অসংখ্য ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা গৌরনদীর বিভিন্ন এলাকার ২৮ জন হজ্ব যাত্রীদের কাছ থেকে সর্বমোট ৭৫ লাখ টাকা নিয়েছে গৌরনদীর কসবা গো-হাটের ইজারাদার ও প্রতারিত হজ্ব যাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তিনি ও তার স্ত্রী বিউটি বেগম এবার হজ্বে যাওয়ার জন্য স্থানীয় দিদার হাওলাদারের কাছে সর্বমোট ৬ লক্ষ ২ হাজার টাকা দিয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। সেমতে তারা সোমবার রাতে ঢাকায় পৌঁছেন। মঙ্গলবার সকালে রামপুরার বনশ্রী এলাকায় ট্রাভেলস্’র ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখতে পান সেখানে এ নামে কোন অফিস নেই। এতে দিশেহারা হয়ে তারা দালাল দিদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি (দিদার) জানান, তিনি ইমাম আবুল খায়েরের কাছে টাকা দিয়েছেন। এর বেশি কিছু সে বলতে পারবেন না। বলেই ফোনটি বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের এবারের হজ্ব যাত্রা। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন টরকী এলাকার মোসলেম হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, কটকস্থলের আজিজ আকন, সুন্দরদী গ্রামের ইয়াকুব আলী ঘরামী, সোনালী ব্যাংক গৌরনদী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮জন হজ্ব যাত্রী।