দক্ষিণ বঙ্গোপসাগরে ১৫ ট্রলারে ডাকাতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
জেলার তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরে গত বুধবার গভীর রাতে ১৫ ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে জলদস্যুরা ৩টি ট্রলারসহ ২২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় প্রায় ২০ জেলে আহত হয়। জেলেরা জানিয়েছে, তালতলী থেকে প্রায় ৩০/৩৫ কিলোমিটার দক্ষিণে লাল দিয়ারচর ও পক্ষিদিয়ারচর এলাকায় সুন্দরবনের জলদস্যুরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় জলদস্যুরা এফবি গাজী, এফবি মায়ের দোয়া ও এফবি সাইফুল নামে ৩টি ট্রলার নিয়ে গেছে। ডাকাতির কবল থেকে ফিরে আসা জেলে কালাম মাঝি জানান, ২৫/৩০ জনের জলদস্যুর দল ২ ভাগে ১৫টি ট্রলারে হামলা করে মাছ, জাল, যন্ত্রাংশ ও রসদসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়া মুক্তিপণের দাবিতে ইউসুফ (৩৫), সুমন (৩০), রুহুল আমিন (২৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), মোতালেব (২৮), সাইফুল ইসলামসহ (২৯) মোট ২২ জেলেকে তারা অপহরণ করে নিয়ে যায়। তাদের বাড়ি তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে। তালতলী কোস্টগার্ডের সকিনা কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম বলেন, গত বুধবার রাতে আমাদের টহল টিম সাগরে ছিল না।