প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৬৭তম শুভ জন্মদিন পালন ও দারিদ্র্য দূরীকরণে অনন্যসাধারণ অবদানের জন্য সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার পাওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে ওইদিন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন এতিমখানাসহ দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সভানেত্রী শেখ হাসিনার ৬৭তম শুভ জন্মদিন পালন করার জন্য আওয়ামী লীগের সকল শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
