অভিযুক্ত কর্মকর্তাকে কানাডার কাছে হস্তান্তর করছে সুইজারল্যান্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
মন্ট্রিয়লভিত্তিক একটি হাসপাতাল নির্মাণে দুর্নীতির দায়ে এসএনসি-লাভালিনের সাবেক নির্বাহী রিয়াদ বিন ঈসাকে কানাডার কাছে হস্তান্তর করছে সুইজার-ল্যান্ড। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার পর ঈসাকে ওই দেশে বিনা বিচারে এক বছর পাঁচ মাস জেলে আটকে রাখা হয়। কানাডার দৈনিক ন্যাশনাল পোস্ট গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রদান করে। এদিকে বেঙ্গলি টাইমস ডটকম জানিয়েছে, গত ২৪ জানুয়ারি রিয়াদ বিন ঈসাকে প্রত্যার্পণের বিষয়ে কানাডার বিচার বিভাগের অনুরোধে সাড়া দিয়ে সুইজারল্যান্ডের ফেডারেল কোর্ট রায় দিয়েছে। গত মে মাসে সুইস কর্তৃপক্ষ তার প্রত্যার্পণের বিষয়টি অনুমোদন করে। ঈসা এ ব্যাপারে আপিল করেও হেরে যান। উল্লেখ্য, তিউনেশীয় বংশোদ্ভূত রিয়াদ বিন ঈসা এসএনসি-লাভালিনের একটি নির্মাণ বিভাগের দায়িত্বে থেকে জালিয়াতি ও ঘুষ প্রদানের মাধ্যমে মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটি হেলথ সেন্টারের কাজ আদায়ের প্রচেষ্টা চালান। এছাড়াও তিনি বাহামার সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিয়েরাকে অবৈধভাবে সাড়ে ২২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।