নগরীর মালোপাড়ায় অবস্থিত ছাত্রশিবির পরিচালিত কনটেস্ট ও কনক্রিট কোচিং সেন্টারে অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ৮ ছাত্রশিবির নেতাকর্মীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রবিবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
বুধবার মধ্যরাতে ঐ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের অপারেশন দল তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ১৩টি ককটেল, ২টি ধারালো হাঁসুয়া, ২টি ক্যামেরা, ১টি ব্যানার ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রশিবির নেতাকর্মীরা হলেন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া (২৮), আরিফুল ইসলাম (১৯), আব্দুল কাদের বাপ্পী (১৯), মিনহাজুল ইসলাম, আবু ছায়েম (২৩), কবির হোসেন সুুমন (২৫), আরিফুর রহমান (২৫) ও মতিউর রহমান (২০)।
বৃহস্পতিবার বিকালে ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার রাজশাহী বিভাগের চার জেলায় হরতালের কথা জানানো হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পাল্টা জবাবে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ছাত্রশিবিরের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই দাবিতে নগরীর রাজারহাতা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। সেখানেও পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, গ্রেফতারকৃত সাইফুদ্দিন ইয়াহিয়া সম্প্রতি রাজশাহী মহানগরীতে ঘটে যাওয়া বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার পরিকল্পনাকারী। এসব কর্মকাণ্ডে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। কিছুদিন আগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সৃষ্ট অরাজকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। সাইফুদ্দিন আরো কিছু নাশকতার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের অপারেশন দল মালোপাড়ায় ছাত্রশিবিরের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকালে তাদেরকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
