চট্টগ্রামে শিবিরের হরতাল

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ সাতকানিয়ায় আহত ৩

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
শিবিরের ডাকে গতকাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল চলাকালে চট্টগ্রাম মহানগরীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে জনমনে আতংক বিরাজ করলেও নগরীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। নৈরাজ্য সৃষ্টির দায়ে পুলিশ নগরীর ২টি স্থান থেকে ৪ শিবির কর্মীকে আটক করে। আটক থাকা ৩৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সকাল ৬টা থেকে দুপুর একটা পর্যন্ত এ হরতাল আহ্বান করে শিবির। হরতালের শুরুতে সকাল সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানাধীন বেবী সুপার মার্কেট এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এছাড়া পিকেটাররা একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় এবং ৪টি অটোরিকশা ভাংচুর করে। একই সময় বাদুরতলা এলাকাতেও শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটানো হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় নগরীর ডিসি হিল এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া পিকেটিংকালে নগরীর কাজীর দেউড়ি, আন্দরকিল্লা ও আমিন জুটমিল এলাকার সামনের রাস্তা থেকে পুলিশ শিবিরকর্মী সন্দেহে ৪ জনকে আটক করে। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:বৃহত্তর চট্টগ্রামে শিবিরের ডাকা আধাবেলা হরতাল চলাকালে সাতকানিয়া উপজেলায় শিবিরের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষে এ সময় ১০ রাউণ্ড গুলি বিনিময় হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা ও শিবিরের ২ কর্মী আহত হয়েছে বলে পুলিশ ও শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছদাহা ইউনিয়নের হাসমতের দোকানের পূর্ব পাশে নয়াপাড়ায় গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিবির কর্মীদের নাম আনোয়ার হোসেন ও শওকত।