জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন তাদের বাধা দিয়েছে। তিনি জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, গতকাল কর্মসূচি পালনকালে সারাদেশে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গত বুধবার চট্টগ্রামের ডিসি হিল মোমিন রোড ও চান্দগাঁও থেকে পুলিশ ছাত্র শিবিরের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশীমারীতে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন জামায়াত-বিএনপি ও গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে প্রায় ৩০ জনকে জখম এবং ২৫ জন নেতাকর্মী ও নিরীহ লোকদের গ্রেফতার করেছে।
তিনি বলেন, গত বুধবার রাতে পুলিশ ও র্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আটজন নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালায়। বিবৃতিতে তিনি আবদুল কাদের মোল্লাসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও ১৮ দলীয় জোটের নেতাকর্মী এবং আলেমদের মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবি জানান।
