সাঈদীর আপিল শুনানি :দুই বিচারপতিকে বিরত থাকার আবেদন খারিজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতিকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বিচার কাজ থেকে বিরত থাকতে করা আবেদন খারিজ করে দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল এই আদেশ দেন। কয়েকটি কারণে ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগের দু’জন বিচারপতিকে সাঈদীর আপিল শুনানি থেকে বিরত থাকার জন্য আবেদন জানানো হয়। আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে বেলজিয়াম প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপি কথোপথনে আপিল বিভাগের এক বিচারপতি সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া আপিল বিভাগের অপর বিচারপতি লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে আবেদনে ন্যায় বিচারের স্বার্থে বিচার কার্যক্রম থেকে তাদের বিরত রাখা হোক। গতকাল সাঈদীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আবেদনটি উপস্থাপন করে আদালতে বলেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে যে প্রেক্ষাপটে এ দুজন বিচারপতিকে প্রত্যাহার করে নেয়ার আবেদন করা হয়েছিল সেই একই কারণ দেখিয়ে সাঈদীর পক্ষ থেকেও আবেদনটি করা হয়েছে। এ পর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চের যে দুজন বিচারপতির বিরুদ্ধে বিচার কাজ থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছিলো তাদের বাদ দিয়ে অপর তিন বিচারপতি এজলাশে বসেন। এরপরই প্রধান বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। পরে ওই ৫ বিচারপতির বেঞ্চ আপিলের শুনানি গ্রহণ করেন। আপিলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায় পড়ে শোনান সাঈদীর আইনজীবীরা। এ সময় উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান এবং সাঈদীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট এসএম শাহজাহান, ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন প্রমুখ।