প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল স্মৃতি যুবসংঘ’র সাইনবোর্ড লাগিয়ে জেলার নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া বাজার সংলগ্ন বলেশ্বর নদীতে ভরাট চরের ৫০ শতাংশ সরকারি খাস জমি দখল হয়ে গেছে। স্থানীয় বিএনপি নেত্রীর ছেলে মো. লিপন শেখ (৩৫) ও তার কয়েকজন সহযোগী এ জমি দখল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, মাটিভাংগার তারাবুনিয়া বাজারের পশ্চিম পাশের বলেশ্বর নদীতে ভরাট চরের ঐ সরকারি জমিতে চলছে ড্রেজার দিয়ে বালু ভর্তির কাজ। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে অভিযোগ দেয়া হলেও ভূমি অফিস ও উপজেলা প্রশাসন অজ্ঞাত কারণে নীরব রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে এ বিষয়ে বলেন, অভিযোগ পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নিতে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। এদিকে নির্বাহী কর্মকর্তার এ নির্দেশের পরেও দখল করা সরকারি জমিতে বালু ভরাট অব্যাহত রয়েছে। সরকারি এ জমি দখলের বিষয়ে উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রী সেলিনা বেগম ও তার ছেলে লিপনের সাথে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
