সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
সাভারে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে যাত্রীবাহী বাস ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাঁচামাল ব্যবসায়ী আঃ সালাম এবং ট্যাক্সি চালক আঃ রহমান। তাদের বাড়ী সাভারের সাদাপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার মিরপুর থেকে কাঁচামাল (সবজি) বিক্রি করে ট্যাক্সিতে সাভারে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সেফটি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মাঝে পড়ে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্যাক্সিতে থাকা ৬ যাত্রী গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্যাক্সি ক্যাবটি উদ্ধার করেছে।