‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর রবিবার উপজেলা পরিষদ চত্বরে নারীদের অংশগ্রহণে ‘আপনারা কেমন আছেন’ শিরোনামে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শরীফুন্নেসা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিবর রহমান ও জমেলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে আগত প্রায় অর্ধ সহস্রাধীক নারীর অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
