শিক্ষকতার মতো মহান পেশায় যারা থাকেন তাদের শ্রদ্ধা করতেই হয়। আর শিক্ষকের আসনে যদি থাকেন প্রবীণ কোনো ব্যক্তি তবে তার প্রতি শ্রদ্ধা বাড়ে বৈ কমে না। মজার বিষয় হলো, শিক্ষকতা নামের এই মহান পেশাটিতে সবচেয়ে বেশি বয়স অবদি নিজেকে সম্পৃক্ত রেখেই কিছুদিন আগে গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতি আদায় করে নিয়েছেন শতবর্ষে পা দেওয়া অস্ট্রেলিয় শিক্ষক ফাদার স্নেইডার। সিডনির কিরিবিলিতে অবস্থিত সেন্ট অ্যালয়সিয়াস কলেজের এই শিক্ষক গেল অর্ধ শতকেরও বেশি সময় ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবেই ছাত্রদের পড়িয়ে যাচ্ছেন। তবে রেকর্ডটি শুনতে যতটা গৌরবের শোনাচ্ছে ঠিক ততোটা সহজে ফাদার স্নেইডারের হাতে এই স্বীকৃতি ধরা দেয়নি। বরং শুধুমাত্র এই রেকর্ডটি সম্পর্কে নিশ্চিত হতেই বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে প্রবীণ শিক্ষকদের তথ্য সংগ্রহের পাশাপাশি স্নেইডারের বয়সের নির্ভুল প্রমাণও সংগ্রহ করেন গিনেজের কর্তাব্যক্তিরা। আর এত কিছুর পর অনেকটা নিশ্চিত হয়েই সম্মানসূচক এই স্বীকৃতির ঘোষণা দেন তারা।
