মিসবাহ’র উপরই আস্থা রাখলো পিসিবি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট হারার পর মনে হচ্ছিল মিসবাহ-উল হককে অধিনায়কের পদ থেকে সরানোটা মাত্র সময়ের ব্যাপার। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে বোর্ড-কর্মকর্তারা পর্যন্ত মিসবাহর সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন। কিন্তু ঘুরে ফিরে সেই মিসবাহর ওপর আস্থা রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিসবাহ-উল হককে অধিনায়ক রেখে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে সকাল থেকে অধিনায়ক মিসবাহ ও কোচ ডেভ হোয়াটমোরের সাথে দীর্ঘ এক বৈঠক করেন প্রধান নির্বাচক মঈন খান। ২৮ সদস্যের এই দলে আছেন ফর্মহীন মোহাম্মদ হাফিজও। এই বছর ১০ ইনিংসে মাত্র ১২ রান করার পরও অভিজ্ঞতা বিবেচনায় তিনি সুযোগ পেয়েছেন। ফর্ম ফেরানোর জন্য তিন দিনের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সিরিজকে সামনে রেখে শুরু হবে পাকিস্তানি ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। আর এর অংশ হিসেবে আগামী দুই অক্টোবর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ ইরফান। বাজে ফর্মের কারণে দুই অভিজ্ঞ ওপেনার ইমরান ফরহাত ও তৌফিক উমরকেও বাদ দিয়েছেন নির্বাচকরা। ওপেনার হিসেবে মোহাম্মদ হাফিজ ছাড়াও আছেন খুররম মঞ্জুর ও আহমেদ শেহজাদ, আছেন অনভিষিক্ত শান মাসুদ। এদিকে পিসিবি ভারপ্রাপ্ত সভাপতি নাজাম শেঠীর সঙ্গে সাক্ষাত্ করে দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েও ডাক পাননি শোয়েব মালিক ও আব্দুল রাজ্জাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান। এই ম্যাচ খেলতে দলের নেতৃত্ব দেয়া হয়েছে উমর আমিনকে। আগামী ১৪ অক্টোবর আবুধাবীতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক দল মিসবাহ উল হক (অধিনায়ক), শান মাসুদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, ফয়সাল ইকবাল, শোয়েব মাকসুদ, উমর আকমল, আদনান আকমল, সরফরাজ আহমেদ, উমর আমিন, রাহাত আলী, আইজাজ চীমা, ওয়াহাব রিয়াজ, উসমান কাদির, আব্দুল রেহমান, সাঈদ আজমল, জুলফিকার বাবর, জুনাইদ খান, ইয়াসির শাহ, এহসান আদিল, আহমেদ জামাল, আকবর-উর-রেহমান, ইমরান খান ও মোহাম্মদ রিজওয়ান।