রাজধানীর সবুজবাগের কদমতলী এলাকায় এক আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ২৯/১ নম্বর কদমতলীর বাসায় এ ঘটনা ঘটে। ডাকাত দল ঐ বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে।
ডাকাতির শিকার গৃহকর্তা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, রাত আনুমানিক দুইটার দিকে ৫ থেকে ৭ জন সশস্ত্র ডাকাত কলাপসিবল গেট কেটে বাসায় প্রবেশ করে। তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল সেট, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
পুলিশ জানায়, বাসার লোকজন প্রাথমিকভাবে জানিয়েছে, বাসা থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
