এক সপ্তাহকাল ধরে ধামরাইয়ে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ইউরিয়া সার না পেয়ে উপজেলার চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। চাষীদের অভিযোগ, ডিলাররা উচ্চমূল্যে বিক্রির জন্য সার মজুত করে রেখেছেন। ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ধামরাই উপজেলায় ৪ হাজার ৮১৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু অনুকূল আবহাওয়ার কারণে রোপা আমন ধান চাষ হয়েছে ৬ হাজার ২শ’ হেক্টর জমিতে। বর্তমানে ওইসব রোপা জমিতে ইউরিয়া সার প্রয়োগের উপযুক্ত সময়। এব্যাপারে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা এমএমএ সালাম বলেন, এ সংকট সাময়িক। খুব শিগগিরই সংকট কেটে যাবে বলে আশা করা যায়। জানা যায়, বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করায় অল্প পরিমাণ ইউরিয়া সার ধামরাইয়ে এসেছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য।
