পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে গতকাল শুক্রবার জঙ্গি হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, শক্তিশালী বোমা বিস্ফোরণের মাধ্যমে এই হতাহতের ঘটনা ঘটানো হয়। পেশোয়ারের ডেপুটি কমিশনার জহিরুল ইসলাম বলেন, জঙ্গিরা বোমাটি বাসের মধ্যে পেতে রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।
খাইবার পাখতুনওয়ালার পুলিশ প্রধান নাসির দুররানি গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাসের পেছনের দিকে রিমোট নিয়ন্ত্রিত বোমাটি রাখা ছিল। সরকারি কর্মকর্তাগণ বাসটিতে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।’ প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, বাসের ভেতর খুবই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাসের বিরাট অংশ উড়ে যায়। বাসের পেছনের শক্ত ধাতব অংশ একটা পিণ্ডে পরিণত হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো বের করে এবং আহতদের স্থানীয় হাসপাতেলে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, তালেবান ও আল-কায়েদা পেশোয়ারকে অনেকটা নিরাপদ ঘাঁটি হিসেবে মনে করে থাকে। তারা বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায়শঃই হামলা চালিয়ে থাকে।
