হেফাজতের ১৩ দফার প্রতিবাদে রাজশাহীতে মাঠে নামছেন নারীরা। জেলার প্রতিটি উপজেলায় নারীদের সংগঠিত করতে কাজ করছেন স্থানীয় নারী জনপ্রতিনিধিরা। আগামী ৩০ সেপ্টেম্বর রাজশাহীর সবগুলো উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মাঠে নামবেন তারা। উপজেলা পর্যায়ে নারীদের সংগঠিত করার পর এখন ইউনিয়ন পর্যায়ে নারীদের একত্রিত করার কাজ চলছে। জেলা নারী উন্নয়ন ফোরাম এই কাজ করছে।
রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান মর্জিনা বেগম সরি জানান, হেফাজতে ইসলাম ১৩ দফা ঘোষণা দিয়ে নারীদের ঘরের মধ্যে বন্দি করে রাখার যে কৌশল নিয়েছে তার বিরুদ্ধে মাঠে নামতে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারীদের সংগঠিত করা হচ্ছে।
স্থানীয় নারী জনপ্রতিনিধিরা জানান, হেফাজতের ১৩ দফা নিয়ে নারীরা উদ্বিগ্ন। ১৩ দফা বাস্তবায়ন হলে নারীরা কী ধরনের সমস্যায় পড়বেন এ নিয়ে সচেতনতা সৃষ্টিতে সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে তৃণমূলের নারীরা অংশ নিচ্ছেন।
রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও পবা উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান জানান, রাজশাহীর নারী জনপ্রতিনিধিদের নিয়ে এ ফোরাম গঠন করা হয়েছে। ফোরামের কাজ হচ্ছে নারীদের স্বার্থ সংরক্ষণ করা।
রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম জানান, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়, নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এমন কর্মসূচি। সরকারিভাবে জেলার প্রতিটি উপজেলায় নারীদের নিয়ে উন্মুক্ত সংলাপ করা হয়েছে। যারা ধর্মকে ব্যবহার করে নারীর অগ্রযাত্রা রুখতে চায়, তাদের বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।
