আমলাদের উস্কানি দিয়েছে, বিএনপি আমি সতর্ক করেছি :নাসিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি সরকারি কর্মকর্তাদের চক্রান্তের উস্কানি দিয়েছে। আর আমি শুধু জনপ্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেছি মাত্র। যারা চক্রান্ত করেন তারাই সকল ক্ষেত্রে চক্রান্ত খোঁজেন। ‘সরকারের নির্দেশ মতো কাজ না করলে কপালে দুঃখ আছে’ মর্মে গত বুধবার মোহাম্মদ নাসিমের এ বক্তব্য রাজনৈতিকমহলে বেশ আলোচনার জন্ম দেয়। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তার আগের বক্তব্যের ব্যাখ্যা দেন নাসিম। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাজশাহীতে বলেছিলেন ২৪ অক্টোবরের পর নাকি আমাদের আইন মানা যাবে না, নির্দেশ মানা যাবে না। বিরোধী দল প্রশাসনকে অচল করতে আমলাদের উস্কানি দেবেন। অথচ আমরা চুপ থাকবো এটা হতে পারে না। তাই সরকারের কর্মকর্তাদের সতর্ক করেছি। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগপর্যন্ত বর্তমান সরকার দেশ পরিচালনা করবে। এ সময় প্রশাসন সরকারের কথা মত চলবে। বিএনপিকে উদ্দেশ্যে করে নাসিম বলেন, ২৪ অক্টোবর কি হবে? মহাপ্রলয় হবে? আসলে কিছুই হবে না। আমরা আছি, থাকবো। ২৪ অক্টোবর নিয়ে বিএনপি হুমকি ধামকি দিচ্ছে, নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমরা তাদের নৈরাজ্যকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করবো। নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচন চান না। কাদের মোল্লাসহ রাজাকারদের রক্ষা করাই তাদের আসল লক্ষ্য। সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষক লীগের ভারপ্রাপ্ত শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দার প্রমুখ।