গার্মেন্টসে শক্তিশালী ট্রেড ইউনিয়ন চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শক্তিশালী ও কার্যকর ট্রেড ইউনিয়ন চায় যুক্তরাষ্ট্র। দেশটি মনে করে, কার্যকর ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন করবে এবং এটি এই খাতের উন্নয়নেও সহায়ক হবে। সিনেটর ও সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ দেশটির ব্র্যান্ড কোম্পানিগুলোর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মার্কিন সরকারের এ মনোভাবের কথা জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রেতাদের নিয়ে গঠিত অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি নামের একটি জোট কাজ শুরু করেছে। এর নেতৃত্ব দিচ্ছেন অ্যালেন টসার। গত বুধবার সিনেটর মেনেনডেজ অ্যালেন টসারের কাছে চিঠিটি পাঠান। বিশ্বখ্যাত ওয়ালমার্ট, গ্যাপ এর মত ব্র্যান্ডও এই জোটের সদস্য। তারা আগামী এক বছরে তাদের কাছে পণ্য সরবরাহ করে এমন ৫০০ বাংলাদেশি কারখানা পরিদর্শন করবে। ওইসব কারখানার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে আর্থিক সহায়তা ও ঋণ দেবে। সিনেটর রবার্ট মেনেনডেজ এই পরিদর্শন প্রক্রিয়ায় ট্রেড ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেছেন, রানা প্লাজায় যদি শ্রমিকদের কার্যকর ট্রেড ইউনিয়ন থাকত তাহলে তাদের জোর করে কারখানায় কাজে যেতে বাধ্য করা সম্ভব হতো না। এদিকে বুধবার নিউইয়র্ক টাইমস এর এক সম্পাদকীয়তে বলা হয়েছে, সামপ্রতিক ঘটনা প্রবাহের কারণে শ্রমিক অসন্তোষে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বর্তমান সরকারকে অবশ্যই শ্রমিকদের প্রতি রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ বন্ধ করতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তাদের মজুরি বাড়াতে হবে এবং তাদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে।