আওয়ামী লীগ একঘরে হবে :মওদুদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধান সংশোধন হোক আর না হোক নির্বাচন হবে এবং সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। আর এক তরফা নির্বাচন হলে আওয়ামী লীগ একঘরে হয়ে যাবে । গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জিয়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আয়োজন করে। মওদুদ বলেন, সংবিধান সংশোধন হোক বা না হোক নির্দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আ.লীগ ছাড়া এ নির্বাচনে কেউ যাবে না। জাতীয় পার্টির এরশাদ সাহেবও ইতোমধ্যে এ সরকারের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কোনো দলই নির্বাচনে যাবে না। তিনি বলেন, সরকারের উচিত শেষ অধিবেশনে সংবিধান সংশোধনী আনা। চলমান অধিবেশনে সংসদের শেষ অধিবেশন হলেও সংসদের মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি। কাজেই এ অধিবেশনে না আনলেও সংসদ ভাঙ্গার আগে সংশোধনী আনতে হবে।