ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি পাঁচ-তলা আবাসিক ভবন ধসে ছয়জন নিহত হয়েছে। বিধ্বস্ত ভবনটির ভেতরে বহু লোক আহত হয়েছে। তবে মালিক সূত্র দাবি করেছে, ভবনের ধ্বংসস্তুপে একশ’র কম লোক আটকা পড়ে আছে। ঘটনার পরপরই বিভিন্ন উদ্ধারকারী বাহিনী উদ্ধার অভিযানে নেমে পড়ে।
মুম্বাই নগরীর পূর্বাঞ্চলে সম্পূর্ণভাবে ধুলিস্মাত্ হওয়া এ ভবনের চারপাশে ঘটনার পর হাজার হাজার লোক জড়ো হয়। এদের অনেকে তাদের নিখোঁজ আত্নীয়-স্বজনদের সন্ধান করতে থাকে। ধ্বংসস্তুপ সরানোর কাজে খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকারী দল ১২টি ফায়ার ইঞ্জিন নিয়ে ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ বের করে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধারকার বাধাগ্রস্ত হয়। মুম্বাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত খবর অনুযায়ী ভবনটিতে ২২টি পরিবার বসবাস করতো। দক্ষিণ মুম্বাইয়ের ডকইয়ার্ড রোডে অবস্থিত ভবনটি ছিল প্রায় পাঁচ দশকের পুরানো। এটি পৌর কর্মীদের কোয়ার্টার হিসেবে ব্যবহূত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় যখন ভবনটি ধসে পড়ে তখন এর বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিল। কয়েক বছর আগে ভবনটিকে বসবাসের অনুপযোগী হিসেবে ঘোষণা করে এর অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। উল্লেখ্য, মুম্বাই শহর ও এর পাশপাশের এলাকায় গত কয়েক মাসে অন্তত পাঁচটি ভবন ধসে পড়েছে। এর মধ্যে গত এপ্রিলে একটি ভবন ধসের ঘটনায় মারা যায় ৭৪ জন মানুষ।
