মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহ কি আরেকটি স্থান হতে যাচ্ছে? সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। সমপ্রতি গ্রহটিতে পানি খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির নভোযান কিউরিওসিটি পানির এই অস্তিত্ব খুঁজে পায়। তবে আলাদাভাবে পানি নয়, মাটিতে অন্যান্য খনিজের সঙ্গে পানি মিশে আছে। খবর বিবিসির।
দেখা গেছে, মঙ্গলের মাটির প্রতি ঘনফুটে প্রায় ১ লিটার পানি আছে। গ্রহটির লালচে ধুলোর আস্তরণ পানিতে ভেজা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এই আস্তরণের মোট ওজনের দুই শতাংশই পানি। কিউরিওসিটির গবেষক লরি লেসিন ও তার সহকর্মীরা সায়েন্স ম্যাগাজিনে জানান, মঙ্গলপৃষ্ঠ থেকে খুঁড়ে তোলা কাদামাটির নমুনা পরীক্ষায় পানির অস্তিত্বের এই সন্ধান পাওয়া গেছে। কিউরিওসিটি কাদামাটির এ নমুনা পরীক্ষা করতে এটিকে তাপ দিলে বেরিয়ে আসা বাষ্পে অনেকাংশেই পাওয়া যায় পানির উপাদান। পানি ছাড়াও উত্তপ্ত মাটি থেকে বেরিয়ে আসে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। লেসিন বলেন, এক ঘনফুট কাদামাটি নিয়ে কয়েক ডিগ্রি তাপমাত্রায় গরম করলেই দুই পাইন্ট (দুই বোতলের মতো) পানি পাওয়া যাবে। মঙ্গলের যে জায়গায়ই যাওয়া হোক না কেন সবখানেই একই পরিমাণ পানি পাওয়া যাবে বলেই ধারণা বিজ্ঞানীদের। মঙ্গলপৃষ্ঠে একসময় পানির প্রবাহ ছিল এমনকি খরস্রোতা নদীও ছিল বলে ধারণা করা হয়। নদীর চিহ্ন এর আগে খুঁজে পায় কিউরিওসিটি। কিন্তু পাওয়া যায়নি বহমান পানি।
