খালেদা জিয়া আজ যশোর যাবেন, কাল খুলনায় জনসভা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
আজ শনিবার যশোর আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যশোর সার্কিট হাউজে রাতযাপন করে কাল রবিবার দুপুর ১২ টায় খুলনার উদ্দেশে তিনি যাত্রা করবেন। সেখানে বিকাল তিনটা ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে বেগম জিয়া নরসিংদী, রংপুর ও রাজশাহীতে জনসভা করেছেন। এই জনসভার পর ৫ অক্টোবর সিলেটে যাবেন বেগম জিয়া। এদিকে যশোর অফিস জানায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, মাগুরার সীমাখালী এলাকা থেকে যশোর হয়ে নওয়াপাড়া পর্যন্ত প্রায় দেড়শ’ তোরণ স্থাপন করা হয়েছে। এছাড়াও সড়কের পাশে অসংখ্য সাইনবোর্ড, প্ল্যাকার্ড, বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে।